প্রতিনিধি ২৪ জুলাই ২০২৬ , ১২:০৪:৩২ প্রিন্ট সংস্করণ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে নিরপেক্ষ থেকে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধী যেই হোক—দলীয় বা দলের বাইরে—তার বিরুদ্ধে পদক্ষেপে কোনো ধরনের রাজনৈতিক সুপারিশ থাকবে না এবং ভালো কাজের ক্ষেত্রে প্রশাসনের কাউকে জবাবদিহিতা বা বদলির ভয়ে পিছপা হতে হবে না।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসনের প্রতি কড়া বার্তা ও মাদক নির্মূলে সামাজিক আন্দোলন
আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে সাহসী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রধান অতিথি আরও বলেন, কোনো ভালো কাজ করতে গিয়ে যদি কাউকে অপ্রিয় হতে হয়, তবুও তা করতে হবে। প্রশাসন সর্বাত্মক সহযোগিতা পাবে। এ ছাড়া শুধু প্রশাসনিক ব্যবস্থা দিয়ে মাদক নির্মূল সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, মাদক ব্যবসা, সেবন ও পরিবহন রোধে পুলিশ, সাংবাদিক ও শিক্ষকসহ সমাজের সচেতন নাগরিকদের সমন্বয়ে মাদকের কুফল তুলে ধরে এলাকাভিত্তিক সভা ও সেমিনার করা জরুরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের বক্তব্য ও উপস্থিতি
সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নুরুল ইসলাম আল মোশাররফ ইবনে কাদির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ এবং পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ প্রতিরোধের অঙ্গীকার
সভায় বক্তারা জানান, বর্তমানে কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এলাকার যানজট নিরসন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা, অনিয়ম-দুর্নীতি দমন, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন নির্মূল এবং চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সকলের সমন্বিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে একটি শান্তিময়, নিরাপদ এবং অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় এই সভা থেকে।


















Design & Developed by BD IT HOST