প্রতিনিধি 16 নভেম্বর 2026 , 8:26:42 প্রিন্ট সংস্করণ
রিমান্ডে মুখ খুলছেন না এসপি জাহাঙ্গীর

চট্টগ্রাম প্রতিনিধ:
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কর্মকর্তারা। বেশ কিছু সুনির্দ্দিষ্ট বিষয় সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মুখ খুলছেন না জাহাঙ্গীর।
আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) পুনর্বাসন সংক্রান্ত তার মোবাইল ফোন থেকে পাঠানো ক্ষুদে বার্তার বিষয়টি বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। কার্যত গতকাল পর্যন্ত পুলিশের এই কর্মকর্তা মুখ খুলেননি।
রোববার (১৫ নভেম্বর) চার দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাকে আদালত থেকেই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় সিএমপির এসআরইউর কার্যালয়ে। সেখানে ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
তদন্তকারী কর্মকর্তরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে তার কাছে জানতে চান ‘ডিসেম্বরের জীবনমরণ বাজি রেখে মাঠে নামা, ‘জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— এসব টেক্সট কাদের কাছে পাঠানো হয়েছিল, কেন পাঠানো হয়েছিল।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রিমান্ডে থাকা এসপি জাহাঙ্গীর আলম এসব প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ নেতাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত ছিলেন বলে তদন্ত সংস্থা জানতে পেরেছে। মামলার এজাহারেও এ বিষয় উল্লেখ করা হয়েছে।
এদিকে এসপি জাহাঙ্গীরকে গ্রেফতারের পর চট্টগ্রামসহ সারাদেশে কর্মরত আওয়ামী লীগের সুবিধাভোগী অন্য পুলিশ কর্মকর্তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রিমান্ডের আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন, পুরো ঘটনার রহস্য উম্মোচন করা প্রয়োজন। এরমধ্যে অন্তর্ঘাতমূলক এই পুরো ষড়যন্ত্রের মূল উৎস ও নেপথ্য পরিকল্পনা কোথায় তৈরি হয়েছিল তা নিবিড়ভাবে বের করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে, বর্তমান রাষ্ট্রকাঠামোকে উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টায় আর কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা।
তৃতীয়টি হচ্ছে, আসামিকে দেশে বা বিদেশে বসে কারা অর্থনৈতিক, প্রযুক্তিগত বা অন্য কোনো লজিস্টিক সহায়তা দিয়ে আসছিলেন, সেই পলাতক সহযোগীদের খুঁজে বের করা। রাষ্ট্র অচল করার এই কৌশলের পেছনে দেশের ভেতর বা বাইরের কোনো সংস্থা বা কুচক্রী মহলের হাত রয়েছে কিনা- তা পরিষ্কার করা। এসব প্রশ্নের উত্তর মিললে পুরো ঘটনার রহস্য উম্মোচন হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ জানান, এসপি জাহাঙ্গীর আলমকে রোববার সন্ধ্যা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুরো ঘটনার রহস্য উম্মোচনের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিষয়টি যেহেতু এখনও তদন্তাধীন ফলে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।












Design & Developed by BD IT HOST