প্রতিনিধি 16 নভেম্বর 2026 , 6:36:40 প্রিন্ট সংস্করণ
ড. সাইমুম পারভেজ জলবায়ু উদ্যোগের অর্জনের হিসাব জনগণকে জানাতে চায় সরকার

অনলাইন ডেক্স:
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের উদ্যোগ ও অর্জনের সুনির্দিষ্ট হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় বর্তমান সরকার। এ লক্ষ্যে প্রতিশ্রুতি ও পরিকল্পনার পাশাপাশি বাস্তব পরিবর্তন এবং পরিমাপযোগ্য ফলাফল নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
সোমবার (১৬ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় নেতৃত্বে অভিযোজন ও কৃষি-খাদ্যব্যবস্থার রূপান্তরে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং বাংলাদেশে বিনিয়োগের পথ’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN) এবং সুইজারল্যান্ডের সহায়তাপুষ্ট CALL কনসোর্টিয়াম।
ড. সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অতীতে নানা উদ্যোগ, আলোচনা ও প্রতিশ্রুতি থাকলেও সেগুলোর বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি। বর্তমান সরকার এ পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে জনগণের জীবনে ইতিবাচক ও দৃশ্যমান প্রভাব ফেলে—এমন কার্যক্রম বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু পরিকল্পনা প্রণয়ন কিংবা প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য ফলাফল অর্জন করাই সরকারের অগ্রাধিকার। জলবায়ু খাতে কী ধরনের পরিবর্তন এসেছে, কতটুকু অগ্রগতি হয়েছে এবং এসব উদ্যোগ জনগণের জীবনে কী প্রভাব ফেলেছে, তার সুস্পষ্ট হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আরও বলেন, সরকার এমনভাবে কাজ করতে চায়, যাতে পাঁচ বছর পর জনগণ সুনির্দিষ্ট তথ্য, বাস্তব অগ্রগতি ও পরিমাপযোগ্য অর্জনের ভিত্তিতে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারেন। সেই মূল্যায়নের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনে সরকারকে পুনরায় নির্বাচিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, কার্যকর অভিযোজন নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের প্রয়োজনের সঙ্গে জলবায়ু অর্থায়ন ও বিনিয়োগের সমন্বয় জরুরি। বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সক্ষমতা ও সহনশীলতা বাড়াতে স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে।
জলবায়ুসহিষ্ণু ও টেকসই কৃষি-খাদ্যব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে ড. সাইমুম পারভেজ বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, জলবায়ু ঝুঁকি কমানো এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষায় কার্যকর অর্থায়ন ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সেলের প্রধান এ কে এম সোহেল। এতে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের পানি, খাদ্য ও জলবায়ু কর্মসূচির প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN)-এর নীতিবিষয়ক প্রধান ড. মোহাম্মদ মনিরুল হাসান।
প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সুশাসন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা; পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশনবিষয়ক পরিচালক মির্জা শওকত আলী; আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) পরিবেশ, জলবায়ু ও জনগোষ্ঠীবিষয়ক বিভাগের প্রধান কারিগরি বিশেষজ্ঞ জাহান-জেব চৌধুরী এবং অস্ট্রেলিয়ার মোনাশ বিজনেস স্কুলের অর্থনীতির অধ্যাপক ড. আসাদুল ইসলাম।


















Design & Developed by BD IT HOST