গনমাধ্যাম

ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা

  প্রতিনিধি ২৩ জুন ২০২৬ , ৮:২২:৪৫ প্রিন্ট সংস্করণ

ঢাকা প্রতিনিধি:
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। জামায়াত নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের ‘আওয়ামী দোসর’ আখ্যা দিলে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা সাংবাদিকদের ওপর চড়াও হয়ে তাদের এলোপাতাড়ি মারধর শুরু করে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের একটি কর্মসূচি চলাকালে এই ঘটনা ঘটে। হামলায় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী ও দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক লাঞ্ছনার শিকার হন।
উপস্থিত অন্যান্য সাংবাদিকরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিক্যালে পাঠান।
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। মিছিল পরবর্তী ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হলে সাংবাদিকরা তার প্রতিবাদ জানান। এই বাগবিতণ্ডার সূত্র ধরেই নেতাকর্মীরা সাংবাদিকদের বেধড়ক মারধর করেন।
হামলার শিকার এক সাংবাদিকের মুখ দিয়ে রক্ত পড়তে দেখা গেছে। এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত হিসেবে বর্ণনা করেছেন ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান। তার দাবি, দলীয় কর্মসূচিতে বহিরাগতরা প্রবেশ করে এই ধরণের হামলা চালিয়ে থাকতে পারে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST