জাতীয়

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা, আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

  প্রতিনিধি 20 নভেম্বর 2026 , 12:07:40 প্রিন্ট সংস্করণ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা, আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

অনলাইন ডেক্স:
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে গণহত্যার ঘটনায় দেশটিকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় মিয়ানমারকে আন্তর্জাতিক গণহত্যা সনদের একাধিক বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক ঐতিহাসিক রায়ে এসব সিদ্ধান্ত দেন আন্তর্জাতিক বিচার আদালত। রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্র গণহত্যা সংঘটনের দায়ে দায়ী বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।
এ রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোহিঙ্গাদের ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে এ রায় দীর্ঘ প্রতীক্ষিত একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালত রায়ে নির্ধারণ করেছেন ২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে।
আদালত আরও বলেছেন, মিয়ানমার তার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে গণহত্যা সংঘটন প্রতিরোধে ব্যর্থ হয়েছে। পাশাপাশি গণহত্যা ও গণহত্যা সনদে উল্লেখিত অন্যান্য অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করতে এবং সনদের কার্যকর বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রণয়নেও ব্যর্থ হয়েছে দেশটি।
বাংলাদেশ মিয়ানমার সরকারের প্রতি আদালতের রায়ের নির্দেশনাগুলো দ্রুত, পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ ঐতিহাসিক রায়ের বাস্তবায়ন নিশ্চিত করতে কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, রোহিঙ্গাদের মিয়ানমারে নিজ দেশে প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর সমাধান। বাংলাদেশের বিশ্বাস, আন্তর্জাতিক বিচার আদালতের এ রায় রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি তা বাড়ানোর জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST