বরিশাল

বাউফলে জামায়াতে ইসলামীর সভা চলাকালে ছাত্রদলের হামলা উভয়পক্ষের ৫ জন আহত

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৬ , ৪:৪৫:১৯ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে জামায়াতে ইসলামীর একটি সভা চলাকালে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াত ও ছাত্রদলের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-জামায়াতে ইসলামীর যুব সংগঠনের নেতা সুজন খান (২৫), জামায়াত কর্মী রাকিব হাসান, আব্দুল বারেক মাঝি এবং ছাত্রদলের দুই নেতা সাইদুল ইসলাম (২৩) ও জহিরুল ইসলাম সোহাগ (২২)। প্রত্যক্ষদর্শীদের মতে, সভা চলাকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের কারণ ও সূত্রপাত নিয়ে উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছে:

জামায়াত নেতাদের অভিযোগ, তাদের দলীয় সাংগঠনিক সভা চলাকালে ছাত্রদলের ২৫–৩০ জন নেতা-কর্মী অতর্কিত হামলা চালায়। কোনো কারণ ছাড়াই লাঠিসোঁটা নিয়ে এই হামলা চালানো হয়েছে বলে তারা দাবি করেন।
অন্যদিকে ছাত্রদল নেতাদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানে বিনা অনুমতিতে রাজনৈতিক প্রোগ্রাম আয়োজন করা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এই বিষয়ে আরো বলেন জামায়াত কর্মীরাই তাদের ওপর প্রথমে হামলা চালায়, যাতে তাদের দুই নেতা আহত হন।
ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, শুরুতে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় এবং পরে তা মারামারিতে গড়ায়।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, জামায়াতের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । তবে এখন পর্যন্ত ছাত্রদলের পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST