প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ১১:১১:০৭ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার কথা তুলে ধরেছেন ১১ দলের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে বাউফলের মানুষ অবহেলার শিকার। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও কর্মসংস্থানের অভাবে এ জনপদ আজ অনেক পিছিয়ে পড়েছে। আমি নির্বাচিত হলে গ্রামভিত্তিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং প্রতিটি ইউনিয়নের রাস্তাঘাট সংস্কারে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।
আজ শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেলে বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘দাঁড়িপাল্লা’ মার্কার সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ড. মাসুদ বলেন, আমার রাজনীতি ক্ষমতার মোহে নয়, বরং মানুষের কল্যাণের জন্য। দুর্নীতি ও স্বজনপ্রীতির রাজনীতি বন্ধ করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য। জনগণের গচ্ছিত টাকায় কোনো লুটপাট হতে দেওয়া হবে না।
তরুণ প্রজন্মকে আগামীর সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যুবসমাজই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের মাদক ও অপরাধের পথ থেকে দূরে রেখে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে চাই। বাউফলের প্রতিটি তরুণের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়াই আমার প্রধান অঙ্গীকার।
ড. শফিকুল ইসলাম মাসুদ আরও উল্লেখ করেন যে, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধভিত্তিক নেতৃত্ব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি ব্যক্তিগত বিভেদ ভুলে এলাকার সামগ্রিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তব্যে তিনি অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিয়ে একটি বাস্তবসম্মত দীর্ঘমেয়াদী উন্নয়নের রূপরেখা উপস্থাপন করেন। দুর্নীতিবিরোধী অবস্থান এবং প্রচলিত ধারার বাইরে বিকল্প ও স্বচ্ছ রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে তিনি উপস্থিত জনতার দৃষ্টি আকর্ষণ করেন।
নির্বাচনী এই জনসভায় স্থানীয় বিপুল সংখ্যক নারী-পুরুষ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।












Design & Developed by BD IT HOST