সারাদেশ

জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও ৯ম পে-স্কেলের দাবিতে বাউফলে বিক্ষোভ

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ৭:১৫:৫০ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি:
জ্বালানি উপদেষ্টার অনাকাঙ্ক্ষিত বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং অনতিবিলম্বে ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকালে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’ বাউফল উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

উত্তাল বিক্ষোভ মিছিল

সকালে বাউফল উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের পক্ষে এবং দীর্ঘদিনের প্রশাসনিক গড়িমসির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দের বক্তব্য

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের বাউফল উপজেলা সভাপতি মু. শাহাবুদ্দিন মুন্সী। তিনি বলেন,
আমরা কোনো অযৌক্তিক দাবি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এখানে সমবেত হইনি। আমরা এসেছি আমাদের ন্যায্য ও আইনগত অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে। দীর্ঘদিন ধরে নানা অজুহাত ও গড়িমসির মাধ্যমে ঘোষিত পে-স্কেল বাস্তবায়ন বিলম্বিত করা হচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক।
তিনি আরও বলেন,পে-স্কেল কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি একজন সরকারি কর্মচারীর প্রাপ্য অধিকার। জ্বালানি উপদেষ্টার অনীহা ও প্রশাসনিক জটিলতার কারণে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। আমরা অনতিবিলম্বে প্রস্তাবিত ৯ম জাতীয় পে-স্কেল গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন,
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই সময়ে পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় সাধারণ সরকারি কর্মচারীরা চরম সংকটে পড়েছেন। অবিলম্বে গেজেট প্রকাশ করে পে-স্কেল কার্যকর করতে হবে, অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।
উপস্থিতি ও ঘোষণা
বিক্ষোভ সমাবেশে বাউফল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কয়েকশ কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST