প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৪৪:৩৭ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বাউফল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ডঃ শফিকুল ইসলাম মাসুদের সমর্থনে আগামী ৬ই ফেব্রুয়ারি বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিতব্য বিশাল নির্বাচনী জনসভা উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডঃ শফিকুর রহমান।
আজ (মঙ্গলবার) আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জামায়াত নেতা ডঃ শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি জনসভাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে ডঃ মাসুদ অভিযোগ করেন, গত সোমবার রাত আনুমানিক ১১টায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে পুলিশ অতর্কিত অভিযান পরিচালনা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমিরে জামায়াতের আগমন ও জনসভাকে কেন্দ্র করে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয়েছে। কোনো পূর্ব নোটিশ বা সুনির্দিষ্ট কারণ ছাড়াই গভীর রাতে রাজনৈতিক দলের অফিসে অভিযান গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনিসংকেত।
ডঃ শফিকুল ইসলাম মাসুদ স্পষ্ট ভাষায় জানান যে, ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের আন্দোলন দমানো যাবে না। তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। আমরা শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় পিছপা হবো না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ই ফেব্রুয়ারির এই জনসভা কেবল একটি নির্বাচনী প্রচার নয়, বরং এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পক্ষে একটি শক্তিশালী গণজমায়েত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
বক্তব্যের শেষে ডঃ মাসুদ বাউফলবাসীকে সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে তিনি গণমাধ্যমের প্রতি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে সমুন্নত রাখার অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় জামায়াত ও ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | |






Design & Developed by BD IT HOST