প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ১১:০৯:৩০ প্রিন্ট সংস্করণ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বইছে নির্বাচনী হাওয়া। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ(২৯ ডিসেম্বর ২০২৫) সোমবার পটুয়াখালী-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মালেক হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের উপজেলা আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার। এ সময় সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সদস্য সচিব এইচ এম নুরুল আমিন ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সালেহ আহমেদের হাতে এই মনোনয়নপত্র হস্তান্তর করা হয়।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে নেতারা জানান, মালেক হোসেনের নেতৃত্বে পটুয়াখালী-২ আসনের মানুষের অধিকার আদায় এবং এলাকায় ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ভোটাররা ‘হাতপাখা’ প্রতীকে বিপুল ভোট দিয়ে তাদের প্রার্থীকে বিজয়ী করবেন।
মনোনয়নপত্র দাখিল উপলক্ষে উপজেলা চত্বরে ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমেদ মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ের মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বাউফল আসনে অন্য প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত শহিদুল আলম তালুকদার, জামায়াতের ড. শফিকুল ইসলাম মাসুদ, এবি পার্টির মো. রুহুল আমিন এবং গণঅধিকার পরিষদের মো. হাবিবুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দাখিলকৃত এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ইসলামী আন্দোলনের সুশৃঙ্খল সাংগঠনিক শক্তি এবং নতুন নেতৃত্বের কারণে এই আসনে এবার ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।


















Design & Developed by BD IT HOST