প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৫ , ৯:৫৬:৪০ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার অংশ হিসেবে পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ তার নির্বাচনী এলাকার ব্যানার ও ফেস্টুন অপসারণ শুরু করেছেন।
শুক্রবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার কালিশুরি এস এ ইন্সটিটিউটের মাঠে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে এই নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে, উপজেলা জুড়ে স্থাপন করা দলীয় ও ব্যক্তিগত সকল প্রকার প্রচার সামগ্রী সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেন।
জানা যায়, ওই দিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কালিশুরি এস এ ইন্সটিটিউটে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় একই মাঠে একটি জনসমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু, বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে ড. শফিকুল ইসলাম মাসুদ তাৎক্ষণিকভাবে জনসমাবেশটি স্থগিত ঘোষণা করেন।
এ সময় তিনি নেতা-কর্মীদের তার সকল ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলার অনুরোধ জানান এবং নিজে সমাবেশের ব্যানার খুলে নির্বাচনী আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেন।
প্রশাসনের প্রতি সহযোগিতার আহ্বান
নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,
আমরা চাই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য পরস্পরের সহযোগিতা। ডিসি মহোদয়ের পক্ষ থেকে ইতোমধ্যে আমাদের কাছে নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। সেই নির্দেশনা এবং কেন্দ্রের পক্ষ থেকে জামায়াত ইসলামের আমীর ডা. শফিকুর রহমান ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তৃণমূলের দায়িত্বশীল নেতা-কর্মীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব ব্যানার ফেস্টুন অপসারণের অনুরোধ জানিয়েছেন।
তিনি আরও যোগ করেন,প্রশাসনকে সহযোগিতা করার জন্যই আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আমি ওয়ার্ডভিত্তিক নেতা-কর্মীদের অনুরোধ করছি, যার যার অবস্থান থেকে আমাদের সব ব্যানার ফেস্টুন খুলে ফেলতে।
নির্বাচনী বিধিমালা মেনে চলার মাধ্যমে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে তার এই উদ্যোগ স্থানীয় রাজনৈতিক মহলে প্রশংসা কুড়িয়েছে।


















Design & Developed by BD IT HOST