প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৫ , ৩:৪৬:৩০ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবুল খায়ের রাসেল জানান, বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় নাসিম আকনকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হলে সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন জানান, নাসিম আকন দুপুরে নলবুনিয়া এলাকায় একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে মোটরসাইকেল চালক শহিদুল ইসলামের সঙ্গে রাজাপুরে ফিরছিলেন। পথে পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে নাসিম আকন সড়ক থেকে ছিটকে পাশের একটি গাছের গোড়ায় আঘাত পেয়ে ডোবায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক বলেন, সংযোগ সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় মোটরসাইকেলটিকে দ্রুতগামী বাসটি ধাক্কা দেয়। এতে নাসিম আকন গুরুতর আহত হয়ে মারা যান। ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং দুর্ঘটনাকবলিত বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে, বিএনপি নেতা নাসিম আকনের মৃত্যুর খবরে পুরো রাজাপুর উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, স্থানীয় জনগণ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন


















Design & Developed by BD IT HOST