প্রতিনিধি ৫ মে ২০২৬ , ১১:৩৭:১৬ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলা পর্যায়ে অনুষ্ঠিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাউফলের ১০৬ নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই অনন্য সাফল্যে বিজয়ী দল ও সংশ্লিষ্ট সকলকে বাউফল উপজেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ।
মঙ্গলবার (৫ মে) বিকেলে পটুয়াখালী জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনালে ১০৬ নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিপক্ষ দলকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়। টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এই খুদে ফুটবলাররা পুরো জেলার নজর কেড়েছে।
এক অভিনন্দন বার্তায় উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ বলেন, ১০৬ নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আমাদের বাউফলের মুখ উজ্জ্বল করেছে। তাদের এই বিজয় আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমি বিশ্বাস করি, বিভাগীয় পর্যায় পার হয়ে এই মেধাবী মেয়েরা ইন শা আল্লাহ জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। তিনি দলের সকল খেলোয়াড়, শিক্ষক এবং অভিভাবকদের দোয়া ও শুভকামনা জানান।
ফাইনালে শুরু থেকেই সুশৃঙ্খল ও আক্রমণাত্মক ফুটবল খেলে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা। মাঠজুড়ে তাদের দাপুটে বিচরণ আর নিখুঁত পাসিং ফুটবল দর্শকদের মুগ্ধ করে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিপক্ষকে পরাস্ত করে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে মাঠ ছাড়ে তারা।
খেলা শেষে জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা ও অতিথিবৃন্দ খুদে চ্যাম্পিয়নদের হাতে জমকালো ট্রফি ও মেডেল তুলে দেন। এসময় জেলা ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১০৬ নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অর্জনে বাউফল উপজেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, উপজেলা নির্বাহী অফিসারের এই অভিনন্দন ও প্রত্যাশা খুদে খেলোয়াড়দের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এখন তাদের লক্ষ্য কঠোর অনুশীলনের মাধ্যমে জাতীয় পর্যায়ে পটুয়াখালী জেলা তথা বাউফলের নাম উজ্জ্বল করা।


















Design & Developed by BD IT HOST