খেলাধুলা

পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে মতবিনিময় ও সম্মাননা ক্রেস্ট প্রদান

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২৬ , ১০:৪৩:১৮ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে মতবিনিময় আলোচনা সভা ও সাবেক ফুটবল খেলোয়াড়দের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গত বুধবার (২২ জুলাই) মাগরিবের নামাজ শেষে পাঁচবিবি স্টেশন সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথমে পরিচিতি পর্ব শেষে ক্লাবের কার্যক্রম, বিভিন্ন জেলার সাবেক ফুটবলারদের সঙ্গে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন এবং সেইসব জেলায় গিয়ে প্রীতি ম্যাচ খেলার উদ্যোগ নেওয়া হয়। এছাড়া সংগঠনের কার্যক্রম গতিশীল করা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মাননা প্রদান ও সহযোগিতায় যারা

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের উপদেষ্টা ও একসময়ের তুখোড় ফুটবলার, ইংল্যান্ড প্রবাসী মো. আলিম আল রাজী। তার এই সহযোগিতায় ক্লাবের দুই সাবেক ফুটবলার মো. রেজাউল করিম বাবুল ও মো. আবুল কালাম আজাদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে সোনালী অতীত ক্লাবের জার্সি গায়ে বিভিন্ন মাঠে খেলে এলাকার ফুটবলে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা দেওয়া হয়।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন দোলন, ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক ফুটবলার মো. হারুনুর রশিদ এবং ক্লাবের মূল চালিকা শক্তি সাবেক ফুটবলার ও সদস্য সচিব মেহেদী হাসান অর্নব।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রী বাবলু চন্দ্র দাস, কোষাধ্যক্ষ রবি উড়াও, দপ্তর সম্পাদক শফিউল ইসলাম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম রকি ও মিষ্টিভাষী ধারাভাষ্যকার মো. মিজানুর রহমান মিজানসহ ক্লাবের অন্যান্য সাবেক ফুটবলাররা উপস্থিত ছিলেন।

স্মৃতিচারণ ও নৈশভোজ

আলোচনা সভা শেষে উপস্থিত সকল সাবেক ফুটবলার একযোগে রাতের খাবারে অংশ নেন। খাবারের এই আয়োজনে ভরপুর ছিল আন্তরিকতা ও পুরনো দিনের সোনালী স্মৃতিচারণ।
বক্তারা বলেন, সোনালী অতীত ফুটবল ক্লাব কেবল একটি ক্রীড়া সংগঠন নয়, এটি পাঁচবিবির ফুটবল ঐতিহ্যের বাহক। প্রবীণ খেলোয়াড়দের সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ক্লাব ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST