প্রতিনিধি ৯ মার্চ ২০২৬ , ৮:৩০:৩৫ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক নিঃস্ব কৃষকের সম্বল কেড়ে নিল চোরচক্র। উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে গভীর রাতে গোয়ালঘরের তালা কেটে চারটি গরু নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতির মুখে পড়ে কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগী কৃষক মো. বজলু শরীফ (৬৫)।
গত রবিবার (৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে পাতিলাপাড়া গ্রামের শরীফ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপ ভ্যান নিয়ে চোরচক্র এলাকায় প্রবেশ করে।
প্রতিবেশী মিরাজ জানান, রাত ১২টার দিকে তিনি ছাগলছানাকে দুধ খাওয়াতে উঠলে একটি পিকআপের শব্দ শুনতে পান। গাড়িটি শরীফ বাড়ির সামনে এসে থামলেও তিনি তখন বিশেষ কিছু সন্দেহ করেননি। ভোরে বজলু শরীফ গোয়ালঘরে গিয়ে দেখেন তার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নগুলো ফাঁকা হয়ে পড়ে আছে।
ভুক্তভোগী কৃষক মো. বজলু শরীফ কান্না কন্ঠে বলেন, কষ্ট করে কৃষিকাজ করে খেয়ে না খেয়ে গরুগুলো লালন-পালন করেছি। আমি এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি। এমন পরিণতি আমার জীবনে আসবে কখনও ভাবিনি।
স্থানীয়দের অভিযোগ, পাতিলাপাড়া গ্রামে চুরির উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। নিয়মিত হাঁস-মুরগি ও গরু-ছাগল চুরির ঘটনা ঘটলেও পুলিশি তৎপরতায় ঘাটতি দেখছেন তারা। একাধিকবার অভিযোগ জানালেও চোর শনাক্ত বা মালামাল উদ্ধার না হওয়ায় গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


















Design & Developed by BD IT HOST