প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৫ , ৭:১০:০৩ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সাংবাদিকরা শুধু আমাদের ভালো কাজগুলো তুলে ধরেন না, আমাদের অন্যায়, ত্রুটি-বিচ্যুতিগুলো সংশোধনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যমও হলো সাংবাদিকরা। সাংবাদিকরা শুধু আমাদের প্রচার করেন না, আমাদের সংশোধনও করেন। কোনো কোনো ক্ষেত্রে আমাদের শাসনও করেন। সাংবাদিকদের কারণে আমরা নিজেদের সংযত রাখি, লাগাম টানি। আপনাদের কারণে আমরা ভয় করে পা ফেলি না জানি কোন ভুলটা হয়ে গেল।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগামী ২৮ নভেম্বর বাউফল পাবলিক মাঠে আয়োজিত জুলাই শহিদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বাস্তবায়ন লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমার সামনে হয়তো একজন মানুষ ভুলটা দেখতে পাবে, কিন্তু সাংবাদিকের মাধ্যমে সেই ভুল লাখো মানুষের কাছে পৌঁছে যায়। আপনাদের আমরা যেমন ভালোবাসি, তেমনি কোনো অপকর্ম বা অন্যায়ের কারণে ভয়ও করি। যাকে মানুষ ভয় করে, সেই ভয় কাটিয়ে ওঠার জন্য কেউ কেউ আবার আপনাদের আলাদা করে ভয় দেখানোর চেষ্টা করে।
ড. মাসুদ বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই যদি আপনাদের কেউ অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে ভয় দেখায়, তবে আমি শফিকুল ইসলাম মাসুদ হিসেবে সকল জুলুম-নির্যাতন রোধে আপনাদের কর্মী হয়ে পাশে থাকব। বিভিন্ন পর্যায়ে সম্মানিত ওলামা-মাশায়েখদের নিয়ে তরুণদের মোটিভেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে । যাতে তারা ভালো থাকে, ইসলামের অনুশাসন মেনে চলে। এছাড়া ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বিশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মো. খালিদুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল গনি, ঢাকা মহানগরী দক্ষিণের ব্যবসায়ী জোন পরিচালক মো. আতিকুর রহমান নজরুল, এ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, বাউফল প্রেসক্লাব সভাপতি মো. জলিলুর রহমান,সাবেক সভাপতি আমিরুল ইসলাম, সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাংবাদিক অতুল চন্দ্র পাল, বাউফল সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী রুবেল,ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা সভাপতি মো. রাকিবুল ইসলাম নূর, বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি আসাদুজ্জামান সোহাগসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা প্রমুখ।


















Design & Developed by BD IT HOST