প্রতিনিধি ৯ মার্চ ২০২৬ , ৫:৩৮:১৮ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের কায়না গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও মানবতাবাদী ব্যক্তিত্ব বাউফল উপজেলা ছাত্রদের সাবেক আহবায়ক মোজাহিদ মুন্সি।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কায়না গ্রামের ওই পরিবারটির বসতঘরে আকস্মিক আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ঘরটি আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়।
ঘটনার খবর পেয়ে সোমবার (০৯ মার্চ) ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে ছুটে যান মোজাহিদ মুন্সি। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। এ সময় তিনি সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার এবং মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ বিষয়ে মোজাহিদ মুন্সি বলেন, মানুষ মানুষের জন্য। বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে সাহস জোগানোই প্রকৃত মানবতার পরিচয়। এই অসহায় পরিবারটির কষ্ট দেখে আমি স্থির থাকতে পারিনি। আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি তাদের সামান্যতম উপকারে আসে, তবেই আমি সার্থক। আমাদের সবার উচিত সামর্থ্য অনুযায়ী এমন দুর্গত মানুষের পাশে দাঁড়ানো।
মোজাহিদ মুন্সির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কায়না গ্রামের বাসিন্দারা। তারা জানান, সংকটের সময়ে এভাবে এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়। ক্ষতিগ্রস্ত পরিবারটির পক্ষ থেকে আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করা হয়েছে এবং দ্রুত এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য দোয়া চাওয়া হয়েছে।


















Design & Developed by BD IT HOST