প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ২:১৫:৫৫ প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি:
ঢাকা সময়ের সাহসী উচ্চারণ এবং সমাজ বাস্তবতার নিপুণ চিত্রায়নে অমর একুশে বইমেলা ২০২৬-কে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে বিশিষ্ট কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমানের নতুন কাব্যগ্রন্থ ‘যা রটে তা ঘটে’। প্রথাগত ধারার বাইরে গিয়ে সমসাময়িক ঘটনার অন্তরালে লুকিয়ে থাকা সত্যকে কবিতার ছন্দে তুলে ধরেছেন এই প্রতিভাবান সাহিত্যিক।
মোঃ মশিউর রহমান কেবল একজন কবিই নন, তিনি ‘স্বতন্ত্র বার্তা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ‘বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন’ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে সমাজসেবা ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর লেখনীতে বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং শোষিতের আর্তনাদ ফুটে ওঠে।
নতুন এই কাব্যগ্রন্থে কবি সমাজের আলোচিত ও ভাইরাল হওয়া বিভিন্ন ঘটনার নেপথ্য কাহিনি কাব্যিক রূপ দিয়েছেন। ‘যা রটে তা ঘটে’ শিরোনামটি সমাজের প্রচলিত ধারণার ওপর ভিত্তি করে হলেও, এর প্রতিটি চরণে রয়েছে গভীর জীবনবোধ ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। যেসব সত্য সচরাচর আড়ালে থেকে যায় বা জনসম্মুখে আসে না, কবি তাঁর সংবেদনশীল কলমে সেসব বিষয়কে অত্যন্ত সাহসিকতার সাথে উপস্থাপন করেছেন।
সাহিত্যবোদ্ধাদের মতে, এই গ্রন্থটি কেবল কবিতার সংকলন নয়, বরং এটি সময়ের এক জীবন্ত দলিল। এর আগে ২০২৪ সালে ভারত-বাংলাদেশ যৌথ কবিতা সংকলন ‘বন্দিশালার পাখি’ সম্পাদনা ও প্রকাশ করে তিনি দুই বাংলার পাঠকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। সেই ধারাবাহিকতায় নতুন এই গ্রন্থটি পাঠককে যেমন নতুন করে ভাবাবে, তেমনি সমাজের অসঙ্গতিগুলো নিয়ে প্রশ্ন তুলতে উদ্বুদ্ধ করবে।
নিজের নতুন কাজ সম্পর্কে কবি মোঃ মশিউর রহমান বলেন, আমি সব সময় চারপাশের ঘটে যাওয়া বাস্তবতাকে শব্দে বন্দি করার চেষ্টা করি। ‘যা রটে তা ঘটে’ বইটিতে পাঠকরা সমসাময়িক সমাজের এক প্রতিচ্ছবি খুঁজে পাবেন। আশা করছি, কবিতাগুলো মানুষের হৃদয়ে দীর্ঘস্থায়ী দাগ কাটবে।
বইটি প্রকাশের সংবাদে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাহিত্যাঙ্গনে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রকাশের পর কাব্যগ্রন্থটি এ বছরের অন্যতম পাঠকপ্রিয় বইয়ের তালিকায় স্থান করে নেবে।









Design & Developed by BD IT HOST