সারাদেশ

বাউফলে রাজনৈতিক শিষ্টাচার: পরাজিত প্রার্থীর বাড়িতে বিজয়ী ড. শফিকুল ইসলাম মাসুদ

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৪:২১ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
ভোটের লড়াই শেষে এখন লক্ষ্য বাউফলের উন্নয়ন। পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ এক বিরল ও অনন্য রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেতা জনাব শহিদুল আলম তালুকদারের বাসভবনে গিয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

নির্বাচনী মাঠের প্রতিদ্বন্দ্বিতা ভুলে ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কের ঊর্ধ্বে উঠে ডা. মাসুদের এই শ্রদ্ধা প্রদর্শন বাউফলের রাজনৈতিক অঙ্গনে এক নতুন আশার সঞ্চার করেছে।
সাক্ষাৎকালে ড. শফিকুল ইসলাম মাসুদ প্রবীণ রাজনীতিবিদ শহিদুল আলম তালুকদারের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে বলেন,
আগামীর রাজনীতি হোক সৌহার্দ্য ও সম্প্রীতির। আমরা বাউফলবাসী বিভেদ ভুলে মিলেমিশে একসাথে চলতে চাই। জনাব শহিদুল আলম তালুকদার এই জনপদের একজন অভিভাবক এবং অভিজ্ঞ রাজনীতিবিদ। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও সুপরামর্শ নিয়ে আমরা একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক নতুন বাউফল গড়বো, ইনশাআল্লাহ।
সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের জনপ্রিয় নেতা শহিদুল আলম তালুকদার ড. মাসুদের এই সৌজন্য সাক্ষাৎ ও ভ্রাতৃত্বসুলভ আচরণকে আন্তরিকভাবে সাধুবাদ জানান। তিনি বাউফলের উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নবনির্বাচিত সংসদ সদস্যকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাউফলের সাধারণ ভোটারদের মধ্যে এই ঘটনা ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি ভেঙে এমন পারস্পরিক শ্রদ্ধাবোধই প্রকৃত গণতান্ত্রিক সৌন্দর্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পটুয়াখালী-২ আসনে প্রবীণ ও নবীনের এই সুসম্পর্ক দীর্ঘদিনের রাজনৈতিক তিক্ততা কমিয়ে উন্নয়নের এক নতুন দুয়ার উন্মোচন করবে।

বিজয়ী এবং পরাজিত প্রার্থীর এমন হৃদ্যতাপূর্ণ অবস্থানে পুরো বাউফল জুড়ে এখন উৎসবমুখর ও স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST