প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৬ , ৫:১৮:৪৮ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৯ম জাতীয় পে-স্কেলের বরাদ্দ রেখে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রজ্ঞাপন জারির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ সোমবার (৬ এপ্রিল ২০২৬) বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রেরণ করা হয়।

সমিতির পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মু. শাহাবুদ্দিন মুন্সী-এর নেতৃত্বে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
এ সময় পটুয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং পটুয়াখালী সরকারি কলেজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলাসহ প্রতিটি সেক্টরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ২০১৫ সালে ৮ম জাতীয় পে-স্কেল ঘোষণার পর দীর্ঘ ১১ বছর অতিবাহিত হলেও এখনো ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা হয়নি।
নেতৃবৃন্দ বলেন, এই দীর্ঘ সময়ে দেশের অর্থনৈতিক বাস্তবতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা বর্তমানের চড়া বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, শিক্ষা ও চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। কর্মচারীদের প্রায় ৯০ শতাংশই ব্যাংক ও প্রভিডেন্ট ফান্ড থেকে ঋণ নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
স্মারকলিপিতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পক্ষে ৫টি যৌক্তিক কারণ তুলে ধরা হয়:
দীর্ঘ সময় বেতন কাঠামো অপরিবর্তিত থাকা: ৫ বছর পর পর নতুন পে-স্কেল ঘোষণার রেওয়াজ থাকলেও এক দশকের বেশি সময় ধরে তা হচ্ছে না।
দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি: ২০১৫ সালের তুলনায় বর্তমান জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বেড়েছে।
বর্তমান বাজারদরের সাথে বেতনের সামঞ্জস্য না থাকায় কর্মকর্তা-কর্মচারীদের মনোবল ভেঙে পড়ছে।
প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি: ন্যায্য বেতন নিশ্চিত হলে কর্মচারীদের কর্মস্পৃহা ও রাষ্ট্রীয় সেবার মান আরও উন্নত হবে।
কর্মচারী নেতৃবৃন্দ জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ অনুযায়ী অবিলম্বে গেজেট প্রকাশ করে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর মানবিক নেতৃত্বে লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর এই ন্যায্য ও যৌক্তিক দাবিটি গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং আসন্ন বাজেটে এর প্রতিফলন ঘটিয়ে কর্মচারীদের পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনবেন।












Design & Developed by BD IT HOST