সারাদেশ

বাউফলের দুই ভাঙা সড়ক যেন ‘নীরব কষ্টের প্রতিচ্ছবি’: সংস্কারের দাবিতে সরব রাশেদুল হাচান

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৬ , ৬:৪৩:১৭ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সড়ক—মিলঘর–কালাইয়া ও মিলঘর–বগা হাইওয়ে। দীর্ঘদিন ধরে সড়ক দুটি সংস্কারের অভাবে আজ মরণফাঁদে পরিণত হয়েছে। এই চরম জনদুর্ভোগের অবসান ঘটিয়ে সড়ক দুটি দ্রুত সংস্কারের দাবিতে এবার সরব হয়েছেন স্থানীয় বিশিষ্ট সমাজকর্মী ও আদাবাড়িয়া গ্রামের সন্তান মোঃ রাশেদুল হাচান কবির সরদার। এলাকাবাসীর পক্ষে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিনে দেখা যায়, এই গুরুত্বপূর্ণ সড়ক দুটির বিভিন্ন স্থানে ঢালাই ও পিচ উঠে গেছে। পাথর ও খোয়া সরে গিয়ে পুরো পথ কাদা আর বড় বড় গর্তে রূপ নিয়েছে। এই বেহাল দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সমাজকর্মী রাশেদুল হাচান।

এক বিবৃতিতে তিনি বলেন,

মিলঘর–কালাইয়া ও মিলঘর–বগা হাইওয়ে সড়ক দুটি আজ এলাকাবাসীর দীর্ঘদিনের নীরব কষ্টের প্রতিচ্ছবি। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, শ্রমজীবী, কৃষক ও সাধারণ মানুষ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। প্রতিটি যাত্রা যেন এক একটি অনিশ্চয়তার গল্প।”

তিনি আরও জানান, এই সড়কের সবচেয়ে বড় ভুক্তভোগী অসুস্থ রোগীরা। জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়ার সময় এই ভাঙাচোরা রাস্তার ঝাঁকুনি যাতায়াতকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে, যা অনেক সময় জীবন-মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। একটি মসৃণ রাস্তার অভাব যেন সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকারকে বাধাগ্রস্ত করছে।

সামনে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় শঙ্কা প্রকাশ করে রাশেদুল হাচান কবির সরদার হুশিয়ারি দিয়ে বলেন, “এখনই যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয়, তবে এই সড়কদ্বয় সম্পূর্ণভাবে অচল হয়ে পড়বে। তখন এই অঞ্চলের মানুষ এক প্রকার অবরুদ্ধ জীবনে পড়ে যাবে, যা এক গভীর মানবিক সংকট সৃষ্টি করবে।

এলাকাবাসীর পক্ষে তিনি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (XEN) মহোদয়ের মানবিক বিবেচনার প্রতি আস্থা রেখে দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কদ্বয় সংস্কারের জন্য আকুল আবেদন জানিয়েছেন। তাঁর এই জোরালো দাবিকে বাউফলের সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছে এবং দ্রুত এর বাস্তবায়ন দেখতে চায়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST