বরিশাল

বাউফলে দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পারে বিক্ষোভ

  প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৫ , ৬:৩১:৪৪ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী–২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে বাউফল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বিক্ষোভকারীরা এসময় দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে বয়কটের ঘোষণা দেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বাউফল পৌরসভার পাবলিক মাঠ থেকে কাফনের কাপড় পরিহিত অবস্থায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী বিগত কোনো আন্দোলন-সংগ্রামে দলের সঙ্গে ছিলেন না এবং নেতাকর্মীদের কঠিন সময়ে পাশে পাওয়া যায়নি। বক্তারা আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী একেএম ফারুক তালুকদারের বিপক্ষে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তিনি অবস্থান নেন, যার কারণে দল তখন পরাজিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ (হাজী পলাশ), যুবদলের সাবেক সদস্য সচিব বশির পঞ্চায়েতসহ অন্যান্য নেতারা।
দলের সূত্র জানায়, গত ৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পটুয়াখালী–২ আসনে দলের প্রাথমিক মনোনীত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের নাম ঘোষণা করেন। ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপি নেতারা মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST