প্রতিনিধি ২৫ মে ২০২৬ , ৯:০৪:২৬ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় একই পরিবারের তিন প্রতিবন্ধী সহোদর ভাইয়ের পাশে দাঁড়িয়েছে উপজেলা ও জেলা প্রশাসন। মা-বাবা হারা অত্যন্ত অসহায় এই তিন ভাইয়ের মানবেতর জীবনযাপনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের সহায়তায় এগিয়ে আসেন স্থানীয় প্রশাসন।
সহায়তা পাওয়া তিন ভাই হলেন— রিপন দাস (বুদ্ধি প্রতিবন্ধী), সাদন দাস (অন্ধ, বাক, শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী) এবং নিদু দাস (বুদ্ধি প্রতিবন্ধী)। তারা বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের মৃত রতন চন্দ্র দাস ও মৃত সরস্বতী রানীর সন্তান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অসহায় এই তিন ভাইয়ের কল্যাণে ইতিবাচক ও স্থায়ী বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে:
তিন ভাই-ই আগে থেকে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্ত ছিলেন। তবে তাদের নিজস্ব মোবাইল নম্বর ডেটাবেজে এন্ট্রি না থাকায় ভাতা তুলতে সমস্যা হতো। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ে তাদের নিজস্ব মোবাইল নম্বর দিয়ে এন্ট্রি সম্পন্ন করে দেওয়া হয়েছে, যাতে তারা নিয়মিত ও নির্বিঘ্নে ভাতার টাকা পেতে পারেন।
খবর পেয়ে বাউফল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ ওই পরিবারটিকে ৫০ কেজি চাল এবং নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
প্রতিবন্ধী তিন ভাইকে সার্বক্ষণিক দেখাশোনা করেন তাদের সুস্থ অপর এক সহোদর ভাই। তার কাঁধে পুরো পরিবারের দায়িত্ব থাকায়, তাকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। তিনি যেন স্থায়ী আয়ের ব্যবস্থা করতে পারেন, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়ে তার পছন্দ ও ইচ্ছানুযায়ী গরু, অটোরিকশা কিংবা দোকানঘর তৈরি করে দেওয়া হবে।
উপজেলা প্রশাসনের এই মানবিক ও দ্রুত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অসহায় পরিবারটির যেকোনো প্রয়োজনে ভবিষ্যতেও প্রশাসন তাদের পাশে থাকবে।


















Design & Developed by BD IT HOST