প্রতিনিধি ১২ জুন ২০২৬ , ১১:২৬:৫৯ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি বলেছেন, দেশের ভবিষ্যৎ জ্বালানি চাহিদা ও টেকসই নিরাপত্তার জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে আরও দীর্ঘমেয়াদি চিন্তা ও কাজ করার প্রয়োজন আছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সফল বাস্তবায়ন দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে এবং শিল্পায়নকে ব্যাপকভাবে গতিশীল করবে। বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে অপারেশনাল ফেজে প্রবেশ করায় সব প্রসেসিং সিস্টেমের নির্ভরযোগ্য ও নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে চলমান পরীক্ষা-নিরীক্ষার ওপর আমরা জোর দিচ্ছি।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার গাইডলাইন ও নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে মেনে চলার ব্যাপারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মন্ত্রী।
শুক্রবার দুপুরে পাবনার ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বিষয়ক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঈশ্বরদীর স্বপ্নদীপ রিসোর্টে আয়োজিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্ট্র্যাটেজিক রাউন্ডটেবিল আলোচনায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা এবং পারমাণবিক শক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শন করেন তিনি।
মন্ত্রী বলেন, সরকারের চার মাসের মাথায় নির্বাচনে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম তা একটার পর একটা পূরণ করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। পরিবার কার্ড, খালখনন, অন্যান্য সুবিধাসমূহ বাস্তবায়ন হচ্ছে। আরও কার্যক্রম বাস্তবায়ন করে দেশের সার্বিক উন্নয়ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই বিশেষ স্ট্র্যাটেজিক সেমিনারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।


















Design & Developed by BD IT HOST