বরিশাল

গলাচিপা-দশমিনাবাসীকে অভিনন্দন জানিয়ে ভিপি নুরের স্ট্যাটাস

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩৩:৩৮ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বাংলাদেশের সদ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার নির্বাচনি এলাকার সব মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ অভিনন্দন জানান। তার দেওয়া ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের জন্য।

প্রিয় গলাচিপা-দশমিনাবাসী,

আসসালামু আলাইকুম / আদাব / শুভেচ্ছা/ অভিনন্দন!

গতকালের এই বিজয়কে আমি আপনাদের তরে উৎসর্গ করলাম। আপনাদের অকৃত্রিম ভালোবাসাকে নতমস্তকে জানাই গভীর শ্রদ্ধা, প্রণতি। অকুন্ঠ সমর্থনের এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না।
একটা রাজনৈতিক দলের প্রধান হিসেবে জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ততার ফলে, সময় স্বল্পতার কারণে আমি সবার কাছে পৌঁছতে পারিনি, দোয়া-আশীর্বাদ নেওয়া সম্ভব হয়নি।
তবু্ও আপনারা প্রতিযোগী সব সেরা প্রার্থীদের মাঝে আমার মতো অতি সাধারণ ও নগন্য একজন মানুষকে বেছে নিয়েছেন, বিজয়ী করেছেন। আপনাদের সন্তানের প্রতি যে আবেগ, অনুরাগ, আস্থা, বিশ্বাস ও সমর্থন ব্যক্ত করেছেন, তা আগামী দিনে আমাকে আরও দায়িত্বশীল, মানবিক ও ন্যায়পরায়ণ মানুষে রূপান্তরিত করবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।। আপনার অকুন্ঠ সমর্থন, দিক-নির্দেশনা ও সার্বিক সহোযোগিতা আমার এই কঠিন পথকে সহজ করেছে।
অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানাই। জেলা প্রশাসন পটুয়াখালী, উপজেলা প্রশাসন, গলাচিপা/দশমিনাকেও ধন্যবাদ জানাই। নির্বাচনে দায়িত্বপালনকারী সকল কর্মকর্তা-কর্মচারীদেরও ধন্যবাদ জানাই।
বিএনপি, গণঅধিকার পরিষদ (জিওপি) ও অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন দরবার শরীফের গুরুজন, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক তথা পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ আমাদের সর্বস্তরের কর্মী-সমর্থক ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন!

প্রিয় কর্মী-সমর্থকবৃন্দ, এই বিজয় আপনাদের।

এই কণ্টকাকীর্ণ যাত্রায় আপনাদের যথাযথ সাপোর্ট আমরা করতে পারিনি। নিজেদের অর্থ, ঘাম বিসর্জন দিয়ে আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, নির্ঘুম রাত কাটিয়েছেন, খেয়ে-না খেয়ে নির্বাচনী কর্মকাণ্ড চালিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।

আমার প্রতিযোগী সব প্রার্থীদেরও ধন্যবাদ জানাচ্ছি।

আপনাদের অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, দেশব্যাপী গলাচিপা-দশমিনা পরিচিতি পেয়েছে, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এ নির্বাচনে আমার মতো নিরীহ, শক্তি-সামর্থহীন মানুষের পাশে দাঁড়াতে গিয়ে যারা হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছেন, বাড়ি-ঘর, ব্যবসা-প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমার বিনীত নিবেদন- আপনারা এগুলো ভুলে যান, মনে কষ্ট রাখবেন না, অপরাধীদের ক্ষমা করে দিন, এটা আপনাদের আরও মহৎ করবে। আপনাদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনে আমরা শীঘ্রই কাজ শুরু করব, ইনশাআল্লাহ।

আমার প্রিয় জনগণ

দ্বীপ অঞ্চলের সাধারণ পরিবারের সন্তান হিসেবে, ব্যক্তিগত নানা চড়াই-উতরাই পার হতে গিয়ে অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও অসীম স্বপ্ন নিয়ে আমি আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা অবশ্যই পালনের চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমাদের উন্নয়ন কর্মযজ্ঞ হবে সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক, পরিবেশবান্ধব ও টেকসই। গরিব, দুঃখী, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক সাধারণ জনতা আমাদের প্রাধান্যে অবশ্যই থাকবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।
আমি আবারও দ্ব্যর্থকন্ঠে বলতে চাই- গলাচিপা-দশমিনা হবে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের স্বর্গরাজ্য। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। মাদক, চুরি, ডাকাতি, ভূমিদস্যু নির্মূলে সবাই একঙ্গে কাজ করব ইনশাআল্লাহ।
এখানে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। কোনো ধরণের চাঁদাবাজি, দখলবাজি, নৈরাজ্য চলবে না। জনগণ নির্ভয়ে যার যার কর্ম করে খাবেন। ভয়-ডরহীন সংস্কৃতি গড়ে উঠবে এই জনপদে।
স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে যথাযথ শিক্ষা কার্যক্রম নিশিত করতে হবে, হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলোতে মানসম্মত চিকিৎসা প্রদান করতে হবে, কোনো গাফলতি চলবে না। যে ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার, তা আমরা সরকারের মাধ্যমে সরবরাহের ব্যবস্থা করব। অফিস-আদালতগুলোকে হয়রানিমুক্ত ও জনবান্ধব করতে হবে।
প্রিয় সংখ্যালঘু সম্প্রদায়ের মা-বাবা, মাসি-পিসি, দাদা-দিদি, আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞ। অল্প পরিচয়ে আপনারা যেভাবে আমাকে গ্রহণ করেছেন, আমি অভিভূত। আপনাদের আস্থার যথাযথ প্রতিদান দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি নাগরিক সমাজকে বলব- আপনাদের প্রত্যাশা পূরণে আমি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত রয়েছি। আপনারা আমাদের পাশে থাকলে পাহাড়সম বিপত্তিও অতিক্রম করতে পারব ইনশাআল্লাহ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST