বরিশাল

বাউফলে জামায়াতে যোগ দিয়েই ছেলেকে শিবিরের হাতে সোপর্দ করলেন বিএনপি নেতা

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬ , ১১:২১:০৫ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জায়েদ মাহমুদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। একইসঙ্গে তিনি তার ১৬ বছর বয়সী ছেলে সাইফ মাহমুদকেও ছাত্রশিবিরের আদর্শে অনুপ্রাণিত করতে সংগঠনের নেতাদের হাতে তুলে দিয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বাউফল পৌর ছাত্রশিবিরের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জায়েদ মাহমুদ তার ছেলেকে পৌর শিবিরের সভাপতি নাহিদের হাতে সোপর্দ করেন। এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাকসহ স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি জায়েদ মাহমুদ জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের হাত ধরে দলটিতে যোগ দেন। দল পরিবর্তনের পরপরই সন্তানকে শিবিরের রাজনীতিতে যুক্ত করার এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে জায়েদ মাহমুদ বলেন,আমি আমার সন্তানকে ইসলামী ছাত্রশিবিরের কাছে সোপর্দ করেছি। আমি থাকি বা না থাকি, সে যেন এই আদর্শ ও ধারাবাহিকতা ধরে রাখতে পারে—এটাই আমার চাওয়া।
বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসেন জানান, জায়েদ মাহমুদের ছেলে বর্তমানে ‘সমর্থক’ হিসেবে যুক্ত হয়েছে। সংগঠনের নিয়ম অনুযায়ী নিয়মিত নামাজ, কোরআন তিলাওয়াত ও সাংগঠনিক অনুশীলনের মাধ্যমে ধাপে ধাপে তাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে বাউফলের দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণে এক বড় পরিবর্তন হিসেবে দেখছেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST