গনমাধ্যাম

কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২৬ , ১:৩২:২৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, অধিকার রক্ষা এবং নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে কুমিল্লায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ’-এর জেলা শাখার পরিচিতি, মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে কুমিল্লা জেলা মৎস্য ভবন সংলগ্ন ‘ডেইলি টাইমস নিউজ’ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম। সভা পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক।
সভায় বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতার পথে বাধা ও সাংবাদিকদের ওপর যেকোনো ধরণের নির্যাতন সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে সংগঠনকে আরও সোচ্চার ও গতিশীল হতে হবে। বক্তারা সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংবাদিকদের অধিকার আদায়ে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। উপস্থিত সদস্যরা তার প্রস্তাবনার সাথে একাত্মতা প্রকাশ করে নতুন কমিটির নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী ও কার্যকর করে তোলার অঙ্গীকার করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রকাশক শরীফুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি এম এ কাদের অপু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি বি এম মহিউদ্দিন মন্টি।
সভায় সাংবাদিক নুরুল ইসলাম শাহীন, শফিউল আলম, সৈয়দ সালাউদ্দিন, শহিদুল ইসলাম, কাজী জহিরুল ইসলাম, মাও. জামাল উদ্দিন, আব্দুল জলিল মজুমদার, রিয়াজ মোশেদ মাসুদ, আব্দুল মোতালেব, নাজমুল হাসান ও শাহাদাত কামাল শাকিলসহ কুমিল্লার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সংগঠনের নিজস্ব কার্যালয় স্থাপন, নিয়মিত সভার আয়োজন, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে আইনি সহায়তা ও প্রচারণামূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে উপস্থিত সাংবাদিকরা পারস্পরিক ঐক্য ও সংহতির মাধ্যমে পেশাদারিত্ব বজায় রেখে সত্য ও ন্যায়ের পথে কাজ করার শপথ গ্রহণ করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST