প্রতিনিধি ৬ আগস্ট ২০২৬ , ৮:০৭:৫০ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পল্লীতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বড় ভাই ও তার পরিবারের সদস্যদের হামলায় ছোট ভাই রজতশা চন্দ্র দাস (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় বড় ভাই ভুসেন চন্দ্র দাসের স্ত্রী সাবিত্রী রানী দাসকে আটক করেছে পুলিশ।
নিহত রজতশা চন্দ্র দাস চিরিরবন্দর উপজেলার ৮নং সাইতাড়া ইউনিয়নের পশ্চিম সাইতাড়া দাসপাড়া এলাকার বাবুরাম দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (৫ আগস্ট) সকালে বড় ভাই ভুসেন চন্দ্র দাসের স্ত্রী সাবিত্রী রানী দাসের বিরুদ্ধে ছোট ভাই রজতশা দাসের পুকুরে মাছ ধরার সন্দেহকে কেন্দ্র করে দুই পরিবারের নারীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে বুধবার রাত ১১টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই ও তার পরিবারের লোকজন ছোট ভাই রজতশা দাসের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে সে গুরুতর আহত হয়। প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী জানান, এ ঘটনায় ভুসেন দাসের স্ত্রী সাবিত্রী রানী দাসকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।












Design & Developed by BD IT HOST