ঢাকা

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কারাবন্দী শিমুল আশরাফুল আলম শিমুল

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ৬:৩৪:২৫ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ-১ আসনে (মুকসুদপুর-কাশিয়ানি উপজেলার একাংশ) স্বতন্ত্র প্রার্থী কারাবন্দী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরের পর শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। আশরাফুল আলম শিমুলের ভাই ব্যারিস্টার নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। শিমুল মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান।
৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতার কারণে শিমুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। নির্বাচন কমিশন তার আপিল গ্রহণ করেন এবং শুনানি শেষে প্রার্থিতা বৈধ ঘোষণা করে আদেশ দিয়েছেন বলে জানান ব্যারিস্টার নাজমুল আলম।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আশরাফুল আলম শিমুলকে শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে রিয়াজ মোর্শেদ অপু হত্যা মামলায় তাকে ওই দিন গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এস আই হুমায়ুন কবীর জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, জুলাই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যান অপু। ওই ঘটনায় তার খালা রুমা বেগম গত বছরের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৮৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ২২ অক্টোবর এ মামলা থেকে ১৬ জনকে অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবীর।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST