প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ১১:২৪:৩৭ প্রিন্ট সংস্করণ
সিলেট প্রতিনিধি:
সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু না রাখলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন বৃটেনের প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ। ফ্লাইট বন্ধ করা হলে রেমিট্যান্স স্ট্রাইক, বিমান বর্জনসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিলেটে ‘মার্চ ফর বিমান’ কর্মসূচি পালন শেষে মজুমদারীস্থ বিমান অফিসের সামনে আয়োজিত সমাবেশে তারা এ হুঁশিয়ারি দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। তাদের শ্রম ও ঘামে সিলেটসহ বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, অথচ সব সময় তাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হয়। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রবাসীদের ন্যায্য দাবি পূরণে সবাই মিলে কাজ করা হবে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সিলেট-ম্যানচেস্টার রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রুট বন্ধ হলে বৃটেনপ্রবাসী বড় একটি অংশ যাতায়াত সংকটে পড়বে।
সমাবেশে বক্তারা বলেন, যে রুটে বিমান কর্তৃপক্ষ প্রায় ৮৩ শতাংশ ব্যবসা করে, সেই রুট কীভাবে লোকসান হয় তা বোধগম্য নয়। তারা অভিযোগ করেন, অধিকাংশ যাত্রী যেখানে ৭০০ থেকে ৮০০ পাউন্ডের টিকিট কিনতেন, সেখানে এখন ১২০০ থেকে ১৫০০ পাউন্ডে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন। বিমানের ভেতরে থাকা একটি অসাধু চক্র এই অতিরিক্ত অর্থ লোপাট করে কৃত্রিমভাবে ফ্লাইটকে লোকসান দেখানোর অপচেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইউকে এনআরবি সোসাইটি ও ইউকে বাংলাদেশি হেরিটেজ কাউন্সিলর’স ফোরামের উদ্যোগে দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মজুমদারীস্থ বিমান অফিসের উদ্দেশে যাত্রা শুরু করেন বৃটেনের শতাধিক প্রবাসী। প্রায় দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে মার্চ শেষে তারা বিমান অফিসের সামনে সমাবেশ করেন।
সমাবেশ শেষে ইউকে এনআরবি সোসাইটির নেতৃবৃন্দ বিমান সিলেট অফিসের ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সিলেট থেকে ম্যানচেস্টার রুটে প্রায় ২০ হাজার যাত্রী এবং ম্যানচেস্টার থেকে সিলেটে প্রায় ১৮ হাজার যাত্রী যাতায়াত করেছেন, অর্থাৎ মোট যাত্রী সংখ্যা ছিল প্রায় ৩৮ হাজার, যেখানে মোট সিট সংখ্যা ছিল ৪৫ হাজার। এই পরিসংখ্যান থেকেই প্রমাণ হয় সিলেট-ম্যানচেস্টার রুট কখনোই অলাভজনক বা যাত্রী সংকটের মুখে পড়েনি। স্মারকলিপিতে অবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তন করে সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখার জোর দাবি জানানো হয়।
ইউকে এনআরবি সোসাইটির ডিরেক্টর ও কমিউনিটি নেতা মিজানুর রহমানের উপস্থাপনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ইউকে এনআরবি সোসাইটির ডিরেক্টর এম আহমদ জুনেদ, ডিরেক্টর ও ওল্ডহাম বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জামাল উদ্দিন, সোসাইটির ডিরেক্টর ইসমাইল হোসেন ও মোতালিব চৌধুরী, যুক্তরাজ্যের কমিউনিটি নেতা বুলবুল আমিন, বদরুল আলম, দবির মল্লিক, জামান মিয়া, রাসেল চৌধুরী, নুরুল আমিন, মাসুকউদ্দিন, শাহাবউদ্দিন, ড্যানি ও আব্দুস শহীদ।


















Design & Developed by BD IT HOST