প্রতিনিধি ১১ আগস্ট ২০২৪ , ১১:৫৭:২৮ প্রিন্ট সংস্করণ
ডেক্স রিপোর্ট:
বাউফলে দখল হয়েছে ২৫টি হাট ও বাজার, বাসস্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, ফেরিঘাট ও তিনটি খেয়াঘাট। বিএনপি ও সহযোগী সংগঠনের কতিপয় নেতাকর্মী ও অনুপ্রেশকারীরা এসব দখল করে নিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় এগুলো ইজারা দেওয়া হয়েছিল। এ বিষয়ে ভোক্তভোগী কয়েক ইজারাদার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ উপজেলার বিভিন্ন এলাকায় ওই দলের নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাটসহ সহিংসতা ও দখলবাজির ঘটনা ঘটছে। জানা গেছে, বিএনপি ও সহযোগী সংগঠনের কতিপয় নেতাকর্মীর সঙ্গে অনুপ্রেশকারীরা বাউফলের কালাইয়া, বগা, হাজিরহাট, নুরাইনপুর, কালিশুরী, কনকদিয়া, বিলবিলাস, সহিস্যা, কাছিপাড়া চৌমোহনী, ধুলিয়াসহ ২৫টি হাটবাজার দখল করে টোল আদায় করছে। এ ছাড়া বাউফল বাসস্ট্যান্ড, বগা লঞ্চঘাট, ফেরিঘাট ও পৌর শহরের কয়েকটি টেম্পো স্ট্যান্ডসহ বাউফল-ঢাকাগামী বাস কাউন্টারগুলো দখল করে নিয়েছে। দখল করে নিয়েছে কালাইয়া ও নিমদি দুটি খেয়াঘাট। কালাইয়া বাজারের ইজারাদার ও উপজেলা যুবলীগের সাধারণ
সম্পাদক ফয়সাল আহম্মেদ মনির মোল্লা বলেন, সাবেক যুবদল নেতা গিয়াস উদ্দিন, বেল্লাল হোসেন, আব্দুল হালিম, আব্দুল মোতালেব, মো. লিটন, নুরু চৌকিদার, মাইনুল, কাওসার মাছ, সবজিমহল ও কালাইয়া লঞ্চঘাট দখল করে খাজনা আদায় করছে। এ ব্যাপারে ১০ আগস্ট তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে ওইসব দখলবাজদের নাম উল্লেখ করে লিখিত আবেদন জমা দিয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে সাবেক যুবদল নেতা গিয়াস উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান অভিযোগ করেন পৌর শহরের টেম্পো স্ট্যান্ড ও বাস স্ট্যান্ড পৌর বিএনপির সভাপতি ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ন কবিরের নেতৃত্বে দখল করে টোল আদায় করা হচ্ছে। বিএনপি নেতা হুমায়ন কবির বলেন, আমার ও দলের ভাবমূর্তী নষ্ট করার জন্য এ অপপ্রচার চালানো হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী বলেন, কালাইয়া বাজারের ইজারাদার ফয়সাল মোল্লাসহ কয়েকজন হাটবাজারের ইজারাদার আমার কাছে অভিযোগ করেছেন। পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় তিনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না। আইনশৃঙ্খলা স্বাভাবিক হলেই ব্যবস্থা নেওয়া হবে।


















Design & Developed by BD IT HOST