প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ৮:৪৭:৪৪ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলার কালাইয়া বাজারে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কালাইয়া বাজারে অভিযান চালান বাউফল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু। এসময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির সত্যতা পাওয়ায় এবং কৃষকদের বিক্রয় রশীদ সরবরাহ না করায় দুটি খুচরা সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স মা ট্রেডার্স ও আবিদা এন্টারপ্রাইজকে মোট ১২,০০০ (বারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে উপজেলা কৃষি অফিসার মোঃ মিলন উপস্থিত থেকে সারের গুণগত মান ও বাজারদর যাচাইয়ে সহায়তা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের বাজার স্থিতিশীল রাখতে এই অভিযান চালানো হয়েছে। কোনো ব্যবসায়ী যদি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা রাখেন কিংবা কৃত্রিম সংকট তৈরি করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে প্রশাসনের এই ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।


















Design & Developed by BD IT HOST