প্রতিনিধি ৫ মে ২০২৬ , ১২:৩২:০৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, বাউফল:
জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের অবমূল্যায়ন এবং এই আন্দোলনকে নসাৎ করার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, জুলাই আন্দোলনকারীদের আজ আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। একটি গোষ্ঠী আমাদের কাছ থেকে জুলাইয়ের চেতনা হাইজ্যাক করতে চায়।
সোমবার (৪ মে) দুপুরে বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে ‘জুলাই যোদ্ধাদের’ সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাসুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও কাজে তার প্রতিফলন নেই। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকার দলীয় সংসদ সদস্যদের অনীহা প্রমাণ করে তারা জুলাই বিপ্লবকে অস্বীকার করে পুনরায় ফ্যাসিবাদের পথে হাঁটছে। তিনি বলেন, “সংসদে দাঁড়িয়ে যখন বলা হয় সংস্কারের বাহানায় নির্বাচন না হলে তারা জুলাই সনদে আপোষ করেছে, তখন বুঝতে বাকি থাকে না যে শহীদদের রক্তের সাথে প্রতারণা করা হচ্ছে।
নিজের চতুর্থ সন্তানকে জুলাই আন্দোলনে শহীদ হিসেবে হারানোর স্মৃতি চারণ করে ড. মাসুদ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “এমপি পদের চেয়ে আমার কাছে বড় পরিচয় আমি একজন শহীদের পিতা। আমার সন্তানের জানাজা পড়তে দেওয়া হয়নি, এমনকি তার কবরটিও আজ পর্যন্ত আইডেন্টিফাই করতে দেওয়া হয়নি। স্বৈরাচাররা আমার স্ত্রীর ফোন ভেঙে শহীদ সন্তানের শেষ স্মৃতিটুকুও মুছে দিয়েছিল। আজ যখন বলা হয় ‘আবেগে দেশ চলে না, তখন মনে রাখা উচিত এই আবেগের ওপর ভর করেই ১৬ জুলাই থেকে ৫ আগস্টের নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে।
রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি বলেন, “সিস্টেম পরিবর্তনের জন্য কেবল এমপি পাঠিয়ে লাভ নেই, প্রয়োজন গণভোটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। গত ১৭ বছর উন্নয়নের নামে ভোটাধিকার হরণ করা হয়েছে। এখন বিচার ও সংস্কারের কথা বলে আবার উন্নয়নের দোহাই দিয়ে দায়সারা নির্বাচনের পাঁয়তারা চলছে।
জুলাই যোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার:
জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ড. মাসুদ বলেন, বাউফলের প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আহতদের পাশে জামায়াতে ইসলামী সব সময় থাকবে। তিনি সতর্ক করে বলেন, জুলাই পরিবারকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া ও তালাবদ্ধ করে রাখার মতো দুঃসাহস দেখানো হচ্ছে। আমাদের অস্তিত্ব রক্ষায় এই ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।
উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আতিকুর রহমান, জুলাই যোদ্ধা ফাতেমা জামান সামিয়া এবং শহীদ সাংবাদিক মেহেদী হাসানের পিতা মোশাররফ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


















Design & Developed by BD IT HOST