প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৪২:২৬ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
একটি রাষ্ট্রের জনগন যতক্ষণ পর্যন্ত সক্রিয় না হয়, ততক্ষণ কোনো মহৎ কাজই পূর্ণাঙ্গ সফলতা পায় না। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা কেবল একজন জনপ্রতিনিধির নয়, বরং আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় পটুয়াখালীর বাউফল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক ‘পরিচ্ছন্নতা অভিযান’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এসব কথা বলেন। এমপি হিসেবে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।
উপস্থিত জনতা ও নেতাকর্মীদের উদ্দেশ্যে ড. মাসুদ বলেন,আপনারাই আমাকে সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের শাসক নয়, বরং একজন খাদেম হিসেবে পাশে থাকতে চাই। এই আমানত ও দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আমি আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
হাসপাতাল এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ড. মাসুদ নিজ হাতে পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়ে উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ,
উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক,
নায়েবে আমীর মাওলানা রফিকুল্লাহ,
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
বক্তারা বলেন, পটুয়াখালী-২ (বাউফল) আসনকে একটি আদর্শ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


















Design & Developed by BD IT HOST