প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫১:২৫ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত। তিনি বলেন, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই বড় উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবেন। এতে প্রাথমিক চিকিৎসা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি এবং জরুরি স্বাস্থ্যসেবা আরও গতিশীল হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার, আবাসিক মেডিকেল অফিসার ডা. শিমুল তালুকদার উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিতকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মতবিনিময় করেন।
এরপর বিকাল ৩টায় তিনি তার নিজ এলাকা সিরাজগঞ্জ-৬ শাহজাদপুরে যান। সেখানেও তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পরে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এতে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা তাদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মব ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর নীতি ঘোষণা করেছেন। আমরা সবাই এক সঙ্গে মব ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ভাবে কাজ করব এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

তিনি বলেন, শাহজাদপুরসহ সারা দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করব।
এরপর তিনি স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।


















Design & Developed by BD IT HOST