বরিশাল

বাউফলে এমপি হলে কোনো সরকারি সুবিধা নেব না, প্লট-গাড়িও না: ড. শফিকুল ইসলাম মাসুদ

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ১০:০৬:৫১ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের সমর্থনে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বাউফল পাবলিক মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ইসহাকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

জনগণের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, “১০ দলীয় ঐক্য কোনো একক নেতার নেতৃত্ব বা দলের স্বার্থ উদ্ধারের জন্য গঠিত হয়নি। এই ঐক্য গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আমরা নিজেদের প্রতিষ্ঠার জন্য নয়, বরং জনগণের অধিকার আদায়ের জন্য নির্বাচনে অংশ নিচ্ছি।

সরকারি সুবিধা বর্জনের ঘোষণা

সমাবেশে পটুয়াখালী-২ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এক ব্যতিক্রমী ঘোষণা দেন। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে সংসদ সদস্য হিসেবে প্রাপ্য কোনো ব্যক্তিগত সরকারি সুবিধা গ্রহণ করব না। আমি কোনো প্লট বা ট্যাক্স-ফ্রি গাড়ি নেব না। আমার প্রাপ্য যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা বাউফলবাসীর কল্যাণে ব্যয় করা হবে।

তিনি আরও অঙ্গীকার করেন যে, নির্বাচিত হওয়ার ৬০ দিনের মধ্যে বাউফল থেকে মাদক এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতির মূলোৎপাটন করা হবে। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বাউফলের প্রধান সড়কগুলোকে প্রয়োজনে চার লেনে উন্নীত করা হবে। এছাড়া চর এলাকার ভূমিহীন মানুষের অধিকার রক্ষায় ‘যার জমি, তার ফসল’—এই নীতি বাস্তবায়নে ইনসাফের লড়াই চলবে। ক্ষমতায় যাই বা না যাই, বাউফলের নাগরিক হিসেবে বগা সেতু বাস্তবায়ন আমাদের প্রধান লক্ষ্য থাকবে।

আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই

প্রধান বক্তার বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন,ড. মাসুদ শুধু বাউফলের নয়, সারা বাংলাদেশের সম্পদ। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে এক লড়াকু সৈনিক। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজের কাছে ভোটকেন্দ্র ছেড়ে দেওয়া হবে না। যারা আপনাদের ভয় দেখায়, তারাই আসলে জনগণের শক্তিতে ভীত। আপনারা সাহস নিয়ে সকালে ভোটকেন্দ্রে যাবেন।”

বিশেষ অতিথিদের উপস্থিতি

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম সাঈদী। এছাড়া আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের পটুয়াখালী জেলা সহ-সভাপতি মাওলানা আইউব বিন মুছা, পটুয়াখালী-১ আসনের প্রার্থী অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন এবং সাবেক ডিআইজি মো. আনোয়ার হোসেনসহ ১০ দলীয় জোটের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST