সারাদেশ

বাউফলে চক্ষু সেবায় অনন্য দৃষ্টান্ত: সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিলেন ডা. জাকিয়া ফারহানা

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ১১:২১:৩৭ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চক্ষু বিশেষজ্ঞ ডা. জাকিয়া ফারহানা। গত এক সপ্তাহ ধরে বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মধ্যমদনপুরা গ্রামে তিনি বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালনা করে আসছেন। এতে চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে পাচ্ছেন সাধারণ মানুষ।
ঢাকা ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া ফারহানা তাঁর শ্বশুরবাড়িতে এই সেবা কার্যক্রম পরিচালনা করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত অসহায় ও দুস্থ রোগী ভিড় করছেন উন্নত চিকিৎসা পাওয়ার আশায়। গত সাত দিনে ১০০০-এরও বেশি রোগীকে চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।
ডা. জাকিয়া ফারহানা বাউফল উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সহধর্মিণী। স্থানীয়রা জানান, নিয়মিত বিরতিতে তিনি এলাকায় এসে মানুষের চোখের সুচিকিৎসা নিশ্চিত করেন, যা এই অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বড় ধরণের সহায় হয়ে দাঁড়িয়েছে।
ডা. জাকিয়া ফারহানা বলেন, আমি কোনো নির্দিষ্ট সময় বা নির্বাচনকে সামনে রেখে এই সেবা দিচ্ছি না। বহু বছর ধরেই স্বামীর এলাকার মানুষের জন্য সাধ্যমতো চেষ্টা করে আসছি। গত এক সপ্তাহে এক হাজারের বেশি মানুষকে সেবা দিয়েছি। মানুষের এই ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে।
বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং ওষুধ পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ। চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধ জানান, “চোখের সমস্যার জন্য বরিশাল বা ঢাকা যাওয়া আমাদের জন্য কষ্টের এবং ব্যয়বহুল। বাড়ির কাছে এমন উন্নত চিকিৎসা আর মাগনা ওষুধ পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST