প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৫ , ৭:২০:৩৩ প্রিন্ট সংস্করণ
তালতলী প্রতিনিধি
দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বরগুনার তালতলী সদরের বগীরদোনা খালের ওপর নির্মিত ব্রিজটি। অবশেষে শুক্রবার রাতে ব্রিজটি ভেঙে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ব্রিজটি ভেঙে পড়ায় ভোগান্তিতে পড়েছে প্রায় ১০ হাজার মানুষ। দ্রুত বিকল্প ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের।
জানা যায়, উপজেলার খোট্রারচর মাছ বাজার এলাকার বগীরদোনা খালের ওপর ২০০০ সালের দিকে এ ব্রিজটি নির্মাণ করে এলজিইডি। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে সেতুটির কয়েকটি স্থান দেবে যায়। এরপর ঝুঁকিপূর্ণ ব্রিজটি আর সংস্কার করা হয়নি। ঝুঁকিপূর্ণ জেনেও বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন দুই পাড়ের কয়েক হাজার মানুষ ব্রিজটি দিয়ে যাতায়াত করতেন।
শুক্রবার ভোর রাতে জোয়ারের পানির তীব্র স্রোতে ধসে পড়ে ব্রিজটি। এতে ভোগান্তিতে পড়েছে ব্রিজটি ব্যবহারকারীরা। বর্তমানে ছোট্ট একটি ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্থানীয়রা।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, খালের পানির মধ্যে পড়ে আছে ব্রিজটি। ভিড় লেগে রয়েছে দুই পাড়ে। ডিঙি নৌকায় খাল পার হচ্ছে স্কুল পড়ুয়া থেকে ব্যবসায়ীসহ সবাই। লেগে রয়েছে ভিড়ও। দুই পাড়ের ১০ হাজার মানুষের যাতায়াতের জন্য এই ব্রিজটিই ছিল সবেধন নীলমণি।
স্থানীয় ব্যবসায়ী মোশারেফ, আমির হোসেন ও আল আমিন বলেন, ব্রিজের কাছাকাছি আমাদের বসতবাড়ি। ভোর রাতের দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। কাছে গিয়ে দেখেন ব্রিজটি ভেঙে খালে পড়ে আছে। এক দশকেরও বেশি সময় ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়রা সংস্কার করে র্দীঘদিন ঝুঁকি নিয়ে চলাচল করেছে। একাধিক বার নতুন ব্রিজ নির্মাণের আবেদন করা হলেও কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রকৌশল বিভাগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিকল্পভাবে চলাচলের জন্য আপতত একটি কাঠের ব্রিজ তৈরি করে দেওয়া হবে। কোন দপ্তর ব্রিজটি নির্মাণ করেছে সেটা জেনে তাদের সঙ্গে আলোচনা করা হবে। পরবর্তীতে নতুন ব্রিজ নির্মাণের জন্য প্রতিবেদন পাঠানো হবে।


















Design & Developed by BD IT HOST