প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৫ , ৪:০৩:২৫ প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক স্কুল শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা রাশেদুল ইসলাম ওরফে রনিকে বহিষ্কার করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, একই ধরনের অপরাধ করে বহালে রয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ ও যুবদল কর্মী রাকিব হাসান।
গতকাল রোববার দিবাগত রাতে রাশেদুল ইসলাম ওরফে রনিকে বহিষ্কার করে পত্র দিয়েছেন বিএনপির যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষকের স্ত্রী সিফাত-ই মনোয়ার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্কুলের শিক্ষক সূত্রে জানা গেছে, চন্দ্রা ত্রিমোড় এলাকার বঙ্গবন্ধু সরকারি বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক আনন্দ কুমার সাহার সঙ্গে সহকারী শিক্ষক বশির উদ্দিন গল্প করছিলেন। এ সময় কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, যুবদল কর্মী রাকিব হাসানসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ের অফিসকক্ষে প্রবেশ করেন। তারা বশির উদ্দিনকে জোর করে বিদ্যালয়ের প্রধান ফটকে নিয়ে যান। সেখানে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ওরফে রনির নেতৃত্বে কয়েকজন যুবদলকর্মী তাঁকে মারধর করেন। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রিজভী আহমেদ শিক্ষককে উদ্ধার করতে গেলে তাঁকেও পিটিয়ে জখম করে হামলাকারীরা। পরে বিদ্যালয়ের দপ্তরিসহ আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় রাতেই ভুক্তভোগী শিক্ষকের স্ত্রী সিফাত-ই মনোয়ার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
গাজীপুরে শিক্ষককে তুলে নিয়ে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধেগাজীপুরে শিক্ষককে তুলে নিয়ে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
এদিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রনিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করে। এ ছাড়া যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, শিক্ষককে মারধরের ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।












Design & Developed by BD IT HOST