প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৪ , ১০:৪৪:৪৯ প্রিন্ট সংস্করণ
মৌলিক ও ধর্মীয় স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকারের ওপর যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা হচ্ছে উল্লেখ করে যুক্তরাজ্যের পার্লামেন্টে দুই ব্রিটিশ পার্লামেন্ট সদস্য উদ্বেগ জানিয়েছেন এবং এ ব্যাপারে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য তাদের সরকারকে আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে কূটনৈতিক ও নীতিগত কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে কি না।
জবাবে বেদান্ত প্যাটেল বলেন, যেসব দেশের সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমাদের অবস্থান একইরকম। মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকা, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব সম্পর্কে আমরা স্পষ্ট করে বলি।
তিনি মনে করেন, যে কোনো ধরনের বিক্ষোভ শান্তিপূর্ণ হতে হবে। যে কোনো ধরনের ধরপাকড়ের ক্ষেত্রে সরকারকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে দেশগুলোর প্রতি জোর দিয়ে যাবে বলে উলেখ করেন বেদান্ত প্যাটেল।
ওই প্রশ্নকারী আরও বলেন, চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে ইসকন নেতা (যদিও ইসকন বাংলাদেশের দাবি, তাকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে)। ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রস্তাবিত পরিচালক তুলসী গ্যাবার্ডও ইসকনের সদস্য। চিন্ময়কে বেআইনিভাবে গ্রেফতার করে কারাগারে রাখার অভিযোগ রয়েছে। তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে-এমন অভিযোগ তুলে বাংলাদেশের কোনো আইনজীবী চিন্ময়ের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এসব ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন?
জবাবে মার্কিন কর্মকর্তা বলেন, এ মামলার বিস্তারিত বিবরণ আমার কাছে নেই। কিন্তু আবারও বলব, যারা আটক আছে তাদের পক্ষে উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে। মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার বজায় রেখে আচরণ করা প্রয়োজন। এ ব্যাপারে আমরা সব সময়ই জোর দিয়ে যাচ্ছি।


















Design & Developed by BD IT HOST