প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৫ , ৮:৪৩:১১ প্রিন্ট সংস্করণ
টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের জামিনে মুক্তি ও মামলা থেকে অব্যাহতির জন্য আদালতে হলফনামা দাখিল করেছেন মানিকগঞ্জের জুলাইযোদ্ধা সাদিকুল ইসলাম রাব্বি।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদ তালুকদার ও যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজের লিখিত বক্তব্যে এই অভিযোগ তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সাদিকুল ইসলাম রাব্বি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় দায়ের করা ৫ (১২) ২৫ নং মামলার এজাহারকারী। তিনি ওই মামলার ৯৯ নং এজাহারনামীয় আসামি সৌমিত্র সরকার মনা ও সদর থানার চান্দইর গ্রামের মোহাম্মদ বেলায়েত হোসেনের ছেলে মোহাম্মদ মাসুদ রহমানসহ আওয়ামী লীগের ৮ আসামিকে টাকার বিনিময় জামিনে মুক্ত করার জন্য আদালতে হলফনামা দাখিল করেন।
হলফনামায় (ঘোষণাপত্র) সাদিকুল ইসলাম রাব্বি উল্লেখ করেন, ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানকারী আইনের ৩(ক) ধারায় দায়ের করা মামলায় আসামিরা জড়িত নয়। মামলা থকে আসামিরা জামিনে মুক্তি পেলে আমার কোনো আপত্তি নাই।
এক প্রশ্নের জবাবে এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী জাহিদ তালুকদার বলেন, রাব্বি নিজেই বিস্ফোরক মামলার আসামিদের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে জামিনের ব্যবস্থা করে দিচ্ছেন। অথচ এনসিপি নেতাদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন সাদিকুল ইসলাম রাব্বি।


















Design & Developed by BD IT HOST