সারাদেশ

নরসিংদী সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সহায়তা বিতরণ

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ , ১০:৫২:০২ প্রিন্ট সংস্করণ

মোস্তফা মিয়া, নরসিংদী:
নরসিংদী সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে উপজেলার বিভিন্ন উপকারভোগীর মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন, নগদ অর্থ ও ভাতার কার্ড বিতরণ করা হয়।
বুধবার (২২ জুলাই ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়।

আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
এ সময় সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং উপজেলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা এবং জনসেবা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

ঢেউটিন, নগদ অর্থ ও ভাতার কার্ড বিতরণ

এদিকে একই দিন বিকেল ৪টায় নরসিংদী সদর উপজেলা পরিষদের অমৃতসাগর অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং উপজেলা সমাজসেবা অফিসের যৌথ উদ্যোগে এক সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসচ্ছল ও দুর্গত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ সহায়তার চেক এবং প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ও স্বামী পরিত্যক্তা ভাতার কার্ড বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি এবং দুর্যোগকালীন সহায়তা কার্যক্রম সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের এসব সহায়তা সঠিকভাবে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন এলাকার উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST