বরিশাল

গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটি থেকে ধারালো ব্লেড উদ্ধার, রক্ষা পেল প্রথম শ্রেণির শিক্ষার্থী

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২৬ , ১:২৭:০৫ প্রিন্ট সংস্করণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা সরকারি টিফিনের রুটির ভেতর থেকে একটি ধারালো ব্লেড উদ্ধার করা হয়েছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা ও মারাত্মক জখম থেকে রক্ষা পেয়েছে প্রথম শ্রেণির এক কোমলমতি শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনায় বিদ্যালয়জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং সাধারণ অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণ যেভাবে

বিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার দিন প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমতাজ টিফিন হিসেবে পাওয়া প্যাকেটজাত রুটি খাওয়ার জন্য হাত দিয়ে ছিঁড়তেই এর ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। বিষয়টি সঙ্গে সঙ্গে সে তার শ্রেণি শিক্ষিকা শারমিন জাহানকে অবহিত করে। পরবর্তীতে শিক্ষকরা রুটিটি পরীক্ষা করে ভেতরে ব্লেড থাকার বিষয়টি নিশ্চিত করেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে জানানো হয়েছে। টিফিনের রুটির ভেতর কীভাবে এই বিপজ্জনক ব্লেড আসল, তা খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ

কমলামতি শিশুদের জন্য সরবরাহকৃত খাবারে এমন বিপজ্জনক বস্তু পাওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। তারা বলছেন, শিশুদের পুষ্টি ও নিরাপত্তার জন্য দেওয়া সরকারি টিফিনের মান ও সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বড় ধরনের বিপদ ঘটতে পারত।

প্রশাসনের পদক্ষেপ

খবর পেয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম দ্রুত বিদ্যালয়টি পরিদর্শন করেন। তিনি জানান, টিফিনের রুটির ভেতর কীভাবে ব্লেড গেল, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তে ঠিকাদারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কারও গাফিলতি কিংবা দায় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST