সারাদেশ

কুড়িগ্রামে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

  প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ১:৪৬:২৩ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্সঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
নিহতরা হলেন- কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা সিদ্দিক শেখ (৫৫) ও তার ছেলে দুলু মিয়া (২০)।
সিদ্দিকের ভাই শহিদুল ইসলাম জানান, শনিবার সকালে একটি মোটরসাইকেলে বাবা-ছেলে রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী মাছবাহী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন।
শনিবার সকালে বাবা-ছেলে মোটরসাইকেল যোগে একই উপজেলার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি চর এলাকায় বাদাম উত্তোলন করতে রওয়ানা হয়েছিলেন বলেও জানান তিনি ।
গুরুতর আহত সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া পরিবারের পক্ষ থেকে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করেছেন শহীদুল ইসলাম।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST