প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৫ , ৭:২৫:৪৫ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে কোটালীপাড়া উপজেলার একই গ্রামের এক বংশের দুই নেতা দুটি রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়েছেন। ইতোমধ্যে এই রাজনৈতিক দল দুটি তাদের দুজনকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
এই দুই প্রার্থী হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝবাড়ি গ্রামের মৃত দলিল উদ্দিন দাড়িয়ার ছেলে ও গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক আবুল বশার দাড়িয়া বাসু এবং একই গ্রামের মো. সিদ্দিক দাড়িয়ার ছেলে ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আরিফুল দাড়িয়া।
জানা গেছে, গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে সম্প্রতি গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক আবুল বশার দাড়িয়া বাসুকে প্রার্থী করে দলটির কেন্দ্রীয় কমিটি। প্রার্থী ঘোষণার পর থেকেই আবুল বাশার দাড়িয়া বাসুকে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করতে দেখা গেছে।
অপরদিকে বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে প্রার্থী হিসেবে মো. আরিফুল দাড়িয়ার নাম ঘোষণা করে। এ ঘোষণার পরেই উপজেলাজুড়ে বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।
মাঝবাড়ি গ্রামের সমাজসেবক রেয়াজুল দাড়িয়া বলেন, একই বংশ, একই গ্রামে দুজন এমপি প্রার্থী এটা আমাদের সৌভাগ্য। আমাদের দাড়িয়া বংশ হতে আমার জানামতে এই প্রথম এমপি পদে দাঁড়িয়েছেন। তবে একজন প্রার্থী হলে ভালো হতো।
একই গ্রামের বাসিন্দা নার্গিস বেগম বলেন, শুনেছি আমাগো গ্রাম থেকে দুজনে নির্বাচন করবেন। আমরা যারে ভালো ও যোগ্য মনে করব তারে ভোট দিব।
গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার দাড়িয়া বাসু বলেন, যেকোনো দলের প্রার্থী হয়ে যে কেউ নির্বাচন করতে পারেন, এটা তার গণতান্ত্রিক অধিকার। একই গ্রামের দুইজন নয়, পাঁচজনও প্রার্থী হয়ে আসতে পারে। আমার দল আমাকে প্রার্থী করেছে; আমি দীর্ঘ দিন ধরে জনতার কাছে গিয়ে গণসংযোগ করে আসছি। আশা করছি ভালো কিছু হবে।
জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মো. আরিফুল দাড়িয়া বলেন, দল আমাকে তাদের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আমি এলাকায় প্রচারণা শুরু করেছি। একই গ্রামে দুজন প্রার্থী এতে আমার নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।
উল্লেখ্য, গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে এই দুই প্রার্থী ছাড়াও বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও গোপালগঞ্জ জামায়াতে ইসলামীর জেলা আমির এমএম রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখকে গণসংযোগ করতে দেখা গেছে।


















Design & Developed by BD IT HOST