সারাদেশ

কুষ্টিয়ার পর এবার খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৬ , ৭:২২:০৭ প্রিন্ট সংস্করণ

খুলনা প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তি করায় ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ার পর এবার খুলনায় মানহানি মামলা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) খুলনা মহানগর হাকিম সোনাডাঙ্গা আমলি আদালতে এ মামলা দায়ের করেন কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।
আদালতের বিচারক মো. আসাদুর জামান মামলাটি তদন্তের জন্য সোনাডাঙ্গা থানায় প্রেরণ করেন। আগামী ২৪ মে মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।
এজাহারে বাদী উল্লেখ করেন, ফেসবুক আইডির মাধ্যমে আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোকে নিয়ে কটূক্তি করতে দেখা যায়। এতে আরাফাত রহমান কোকোর পরিবার, বিএনপি নেতাকর্মীসহ সংশ্লিষ্টদের মানহানি ও ক্ষতি হয়েছে।
আইনজীবী বাবুল হাওলাদার বলেন, এ বিষয়ে শুনানি শেষে বিচারক মামলার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
এর আগে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করায় মুফতি আমির হামজার বিরুদ্ধে রোববার মামলা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী শিহাব।
রোববার দুপুরে কুষ্টিয়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক আইনজীবীর মাধ্যমে তিনি মামলা দায়ের করলে আদালত আগামী ১ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছেন।
এ ব্যাপারে মামলার বাদী সোলাইমান চৌধুরী বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমি মানহানি মামলা দায়ের করেছি। মামলায় আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে অবমাননাকর মন্তব্য এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিদ্রূপমূলক বক্তব্য প্রদানের অভিযোগ উত্থাপন করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক প্রতিহিংসার জন্য মামলা করা হয়নি। প্রকাশ্যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সমাজে শালীনতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার স্বার্থেই আমি আইনানুগ পথ অবলম্বন করেছি। আদালত নিরপেক্ষভাবে বিষয়টি বিবেচনা করবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST