প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৫ , ৮:৪১:৩৮ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রোকেয়া বেগম নামে এক রোহিঙ্গা নারীকে নাগরিক ও চারিত্রিক সনদ দেওয়ার ঘটনায় উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী খান মোহামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ২০ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে উপসচিব মো. নুরে আলম স্বাক্ষরিত এক চিঠিতে প্যানেল চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান মোহামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে বিষয়টি বৃহস্পতিবার (৬ নভেম্বর) জানাজানি হয়।
ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২০ অক্টোবর চিঠিটি ইস্যু হলেও প্যানেল চেয়ারম্যান এটি গত ৩ নভেম্বর হাতে পেয়েছেন। সেদিন থেকেই তিনি দায়িত্ব ছেড়েছেন।
রোহিঙ্গা রোকেয়া বেগমের কাগজপত্র সূত্রে জানা যায়, তাকে দেওয়া ৪০২নং ক্রমিকের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রটি গত ৮ আগস্ট প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য, রোহিঙ্গা নারী রোকেয়া বেগম বাংলাদেশি নাগরিক না হয়েও ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সনদপত্র সংগ্রহ করেছিলেন। গত আগস্ট মাসে এ সনদ ব্যবহার করেই তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসে যান। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সন্দেহ হলে একপর্যায়ে তিনি ধরা পড়েন। পরে জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২, জি-৪ এলাকার রোহিঙ্গা শরণার্থী বলে স্বীকার করেন।












Design & Developed by BD IT HOST