সারাদেশ

মৃত হাতির দেহের অংশ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ , ১০:০৭:০২ প্রিন্ট সংস্করণ

রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির লংগদুতে মৃত হাতির দেহ থেকে বিভিন্ন অংশ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে লংগদু উপজেলার ভাসান্যাদম এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে অসুস্থ অবস্থায় রোববার সকালে সেখানে মারা যায় বন্যহাতিটি। এরপর বন বিভাগের অবহেলার কারণে মৃত হাতিটির দেহের অংশ কেটে নেওয়ার মতো অমানুষিক কাণ্ড ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
জানা যায়, রোববার হাতিটি মারা গেলে আশপাশে দাঁড়িয়ে শোকে প্রহরায় ছিল হাতির এক হস্তিনী সঙ্গী। এতে হস্তিনীর আক্রমণাত্মক পরিস্থিতির মুখে এদিন হাতির মৃতদেহের কাছে যাওয়া সম্ভব নয় বলে জানান বন বিভাগের লোকজন। ফলে ঘটনাস্থলেই পড়ে থাকে হাতির মৃতদেহ।
কিন্তু সোমবার হাতিটির মৃত্যু নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর দেহটি মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলেও হাতির মৃতদেহের নিরাপত্তায় ঘটনাস্থলের আশপাশে কোনোরকম টহল ব্যবস্থা নেয়নি বন বিভাগ। ফলে এ সুযোগে রাতেই সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত মৃতহাতির দেহ থেকে একটি রান, শুঁড় ও দাঁত কেটে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা।
তবে মৃত হাতিটির দাঁত ছিল না বলে দাবি করে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত প্রবল ঝড়ো-হাওয়ার কারণে আমাদের লোকজন মৃতহাতির ঘটনাস্থলে যেতে পারেননি। এ সুযোগে রাতে দুর্বৃত্তরা জঘন্য ঘটনাটি ঘটিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্বৃত্তদের খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, সোমবার সকালে হাতিটির মৃত্যু নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য চট্টগ্রাম থেকে ৪ সদস্যের একটি ভেটেরিনারি টিম ঘটনাস্থলে গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে হাতিটি মাটি পুঁতে ফেলা হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST