সারাদেশ

মাদ্রাসাছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ, কিশোর গ্যাং সদস্য আটক

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৬ , ৭:০২:১৪ প্রিন্ট সংস্করণ

মাদ্রাসাছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ, কিশোর গ্যাং সদস্য আটক

অনলাইন ডেক্স:
কুমিল্লার নাঙ্গলকোটের একটি মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার সময় ফয়সাল ফাহাদ নামে এক কিশোর গ্যাং সদস্যকে হাতেনাতে আটক করে স্থানীয় বাসিন্দারা। পরে তাদের ওই মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিষয়টি পুলিশকে না জানিয়েই মীমাংসা করে অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলিম মাদ্রাসার নবম শ্রেণির ওই ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় মাদ্রাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গোহারুয়া সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় ফয়সাল ফাহাদকে আটক করেন স্থানীয়রা। পরবর্তীতে তাদের মাদ্রাসায় নিয়ে আসা হয়। সেখানে মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে অভিভাবকদের খবর দেওয়া হলে তারা এসে ছাত্রীকে বাড়িতে নিয়ে যান।
আটক ফয়সাল ফাহাদ উপজেলার ঘোড়াময়দান গ্রামের তনু হাজি বাড়ির নুর মোহাম্মদ দুলালের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে ছাত্রদল নেতা পরিচয়ে বিভিন্ন রাজনৈতিক পোস্ট ও ফেস্টুন প্রচার করেন। তবে দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলে তার কোনো পদ-পদবি নেই।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, ফয়সাল এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ নানা ধরনের অপকর্মের অভিযোগ রয়েছে।
ঘটনার বিষয়ে ওই মাদ্রাসার সুপার মাওলানা নেছার উদ্দিন বলেন, ওই ছাত্রী ও ফয়সালের মধ্যে পূর্বে প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয়রা তাদের একসঙ্গে দেখে আটক করে মাদ্রাসায় নিয়ে আসেন। পরে অভিভাবকদের ডেকে এনে ছাত্রীকে এবং ওই ছেলেকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার বিষয়ে ফয়সাল ফাহাদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকি দেয় এবং বিভিন্ন গালমন্দ করতে থাকে।
নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর ইসলাম জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ বা পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে পুলিশকে কোনো কিছু জানানো হয়নি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST