সারাদেশ

ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা যুবক গ্রেফতার

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৫ , ৫:৩৯:২৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:
ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা যুবক গ্রেফতার
রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম আলিনুর পাভেল ওরফে পাভেল (৩২)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির গুলশান বিভাগ।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১ এপ্রিল রাত ২টার দিকে পূর্ব শত্রুতার জেরে ভাটারা থানার জোয়ারসাহারা খাঁপাড়া এলাকার রাশেদুজ্জামান রাজুর বাসার সামনে এসে আলিনুর পাভেলসহ অজ্ঞাতপরিচয় ১০-১২ জনের একটি দল প্রাইভেটকারে করে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, বাসার গেটে লাথি দেয় এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
তিনি বলেন, মামলাটি তদন্তকালে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ বাড়ির আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুষ্কৃতকারীদের শনাক্ত করে। গতরাতে কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে আলিনুর পাভেল ওরফে পাভেলকে গ্রেফতার করে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST